Image description

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার নাজুক পরিস্থিতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে কর্তব্যে অবহেলা ও তদারকির অভাবে জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে তাৎক্ষণিক ‘স্ট্যান্ড রিলিজ’ (তৎক্ষণাৎ অব্যাহতি) করার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা সফরে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ ও ইনডোরসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরিদর্শনকালে রোগীদের যথাযথ সেবা না পাওয়া, চিকিৎসকদের অনুপস্থিতি এবং হাসপাতালের প্রশাসনিক ও পরিবেশগত নানা অব্যবস্থাপনা মন্ত্রীর নজরে আসে।

উপজেলা পর্যায়ের একটি সরকারি হাসপাতালে এমন বিশৃঙ্খল পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। এই অব্যবস্থাপনার জন্য যারা দায়ী, তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে।

পরিদর্শন শেষে মন্ত্রী তাৎক্ষণিকভাবে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ দেন। স্বাস্থ্যমন্ত্রীর এমন কঠোর পদক্ষেপে জেলার স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, হাইমচরের মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে জনবল সংকট ও অব্যবস্থাপনার কারণে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং তারা আশা করছেন, এখন থেকে সেবার মান বৃদ্ধি পাবে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআর