Image description

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হচ্ছে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ বলে জানা গেছে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবারও কমেছে পাসের হার। ২০২৫ সালে পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ ও ২০২৪ সালে ছিল ৮৩.০৪ শতাংশ, ২০২৩ সালে ৮০.৩৯ শতাংশ, ২০২২ সালে ৮৭.৪৪ শতাংশ। সকাল ১০টায় সারাদেশে একযোগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

রোববার (৯ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং তাত্ত্বিক পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দাখিল ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন।

এসএস