Image description

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের ফলাফলে বড় ধস নেমেছে। এ বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, অর্থাৎ অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিপরীতে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ।

সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

ফলাফল অনুযায়ী, মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ। এ বিভাগের ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন।

অন্যদিকে বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। এ বিভাগে ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন।

মানবিকে এগিয়ে ঢাকা, পিছিয়ে দিনাজপুর

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে মানবিক বিভাগে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে। এ বোর্ডে পাস করেছে ৫৫ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী।

অন্যদিকে মানবিকে সবচেয়ে কম পাসের হার দিনাজপুর বোর্ডে, ৩৮ দশমিক ৭৫ শতাংশ।

বিজ্ঞানে সবচেয়ে ভালো যশোর

বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফল করেছে যশোর শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯০ শতাংশ। এরপর রয়েছে ঢাকা বোর্ড, যেখানে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৫ দশমিক ৯০ শতাংশ।

সামগ্রিকভাবে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে।

এসএস