মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন
টাঙ্গাইলের মধুপুর উপজেলার সিংগারবাড়ীতে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নবজাগরণ যুব ও সমাজ সেবা সংঘের উদ্যোগে রোববার (৯ আগস্ট) রাত ৯টায় সিংগারবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় এ সেমিনারের আয়োজন করা হয়।
‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ধনবাড়ী-গোপালপুর আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমনগর মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম মারুফী।
সেমিনারে বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রশাসনের পক্ষে বক্তব্য দেন উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা কঠিন। এর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকসেবী ও কারবারিদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি।
গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম বলেন, ‘হয় মাদক ছাড়ো, নয় গোলাবাড়ী ছাড়ো।’ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে তিনি জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নবজাগরণ যুব ও সমাজ সেবা সংঘের সাধারণ সম্পাদক খন্দকার বদিউজ্জামান বুলবুল বলেন, মাদক ও অনলাইন জুয়ার করাল গ্রাসে যুবসমাজ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি সবাইকে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
সেমিনারে আরও বক্তব্য দেন সৌদি প্রবাসী সোহেল রানা (চয়ন), ভাদুরীর চর হাবিবা সাত্তার মহিলা মাদ্রাসার শিক্ষক মো. সায়েম, সাবেক ইউপি সদস্য বাদশা মিয়া ও যুবকদের পক্ষে আকরামুল ইসলাম।
এ সময় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, যুব প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএ




Comments