Image description

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে অভিভাবক সমাবেশ, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (১০ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও অভিভাবক সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি এহেছানুল হক বুলবুল, উপজেলা একাডেমিক মাধ্যমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাফিজুল ইসলাম, বিদ্যালয়ের মৌলভী শিক্ষক শাহ আলম, অভিভাবক আশরাফুল হক ক্লে, জাহাঙ্গীর আলম ও নাজমা খাতুনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফল ও সুশিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেওয়া, তাদের সময়মতো বিদ্যালয়ে পাঠানো এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।

সভায় শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতে অভিভাবকরা বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

পরে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মানোন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসএ