Image description

গাইবান্ধার সাঘাটায় সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, “সালাউদ্দীন সন্ত্রাসী ছিল না, কেন তাকে খুন করা হলো?” তিনি সাঘাটায় সংঘটিত ঘটনায় সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন নিহত হওয়ার বিষয়টি তুলে ধরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সাঘাটার ঘটনায় নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের পরিবারের সদস্য ও এলাকাবাসী ঘটনার বিষয়ে তার চেয়ে ভালো জানেন। তিনি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর আব্দুল করিম এমপি, সুন্দরগঞ্জ আসনের এমপি অধ্যাপক মাজেদুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। গাইবান্ধা জেলার সাতটি উপজেলার জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দেওয়ার আগে ডা. শফিকুর রহমান নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, গত ২১ জুন সাঘাটায় হামলার ঘটনায় সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন নিহত হন। তাদের হত্যার বিচার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

এসএ