বেতন না পাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। একই সঙ্গে নিজের নিরাপত্তা ও পরিবার নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন এই ইংলিশ কোচ।
সোমবার নিজের ফেসবুক পোস্টে এসব কথা জানান জেরার্ড জোন্স। তিনি বলেন, নিজের নিরাপত্তা ও পরিবারের কথা ভেবে তিনি চিন্তিত। নানা ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান তিনি।
বেতন না পাওয়ার কারণে পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না বলেও অভিযোগ করেন জোন্স। তিনি জানান, তার কাছে এখন কোনো টাকা নেই এবং পরিবারকে খাবারের জন্যও অর্থ পাঠাতে পারছেন না।
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জোন্স বলেন, তিনি নিজের জীবন নিয়ে ভয় ও আতঙ্কের মধ্যে আছেন। তবে কী কারণে তিনি এমন আশঙ্কা করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে গত মাস থেকে যশোরের সামসুল হুদা ফুটবল একাডেমিতে বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্প চলছে। ক্যাম্প চলাকালীনই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সমস্যার কথা জানান কোচ।
জোন্সের অভিযোগের বিষয়ে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ৯ তারিখেই কোচের অ্যাকাউন্টে পুরো টাকা পাঠানো হয়েছে। রেমিট্যান্সের মাধ্যমে টাকা পাঠানো হওয়ায় ব্যাংকিং প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। ১০ তারিখের মধ্যেই টাকা তার অ্যাকাউন্টে পৌঁছানোর কথা ছিল।
কোচ টাকা পাওয়ার আগেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় হতাশা প্রকাশ করেন জাহেদী।
তবে জেরার্ড জোন্স কেন নিজের জীবন নিয়ে আতঙ্কে আছেন বা কী ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
এসএস




Comments