এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতোই ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর কলেজটি থেকে ৪৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ বছর এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের মোট ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের সবাই জিপিএ-৫.০০ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে অন্যান্য বছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।
তিনি আরও বলেন, ক্যাডেট কলেজগুলোতে শুধু লেখাপড়ার ওপর গুরুত্ব দেওয়া হয় না; শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার অনুশীলন করানো হয়। পাশাপাশি সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণেরও ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি বলেন, সামগ্রিকভাবে ক্যাডেট কলেজগুলো ক্যাডেটদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক চরিত্রে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে রাজশাহী ক্যাডেট কলেজ সংশ্লিষ্ট সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছে।
এসএ




Comments