মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। পূর্বের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের দিন সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. মো. নাসিমুল গনিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট থেকে পরবর্তী এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
একইভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের আদেশে বলা হয়েছে, একই আইনের ৪৯ ধারা অনুযায়ী তাকেও সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট থেকে এক বছর মেয়াদে সিনিয়র সচিব পদে পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুই বছরের জন্য চুক্তিতে সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল। ড. নাসিমুল গনি ও মো. এহছানুল হক ছিলেন সেই পাঁচজনের অন্যতম।
ড. মো. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাকে শুরুতে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে এবং পরবর্তীতে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পান। এর আগে ২০০৯ সালে তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছিল এবং চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তিনি অবসরে যান।
অন্যদিকে, মো. এহছানুল হককে শুরুতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছিল। পরবর্তীতে গত বছরের ১২ অক্টোবর তাকে সড়ক পরিবহন বিভাগ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
প্রশাসনিক ধারাবাহিকতা ও অভিজ্ঞতা বিবেচনায় সরকারের শীর্ষ পর্যায়ের এই দুই কর্মকর্তার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিআর




Comments