Image description

রংপুরের মিঠাপুকুরে জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাথরুম থেকে অষ্টম শ্রেণির চার ছাত্রীকে রহস্যজনকভাবে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে বিদ্যালয়ে আসার পর তারা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন জানান, সকালে চার ছাত্রী অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তাদের বিদ্যালয়ের বাথরুমের ভেতর থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ছাত্রীদের এমন অবস্থা দেখে ফুড পয়েন্টজনিংয়ের আশঙ্কা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিজানুর রহমান ছাত্রীদের শারীরিক অবস্থা সম্পর্কে জানান, চিকিৎসাধীন ছাত্রীদের শরীরে ঘুমের ওষুধের (Sedative) প্রভাব লক্ষ্য করা গেছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ ছাত্রীরা জানায়, বিদ্যালয়ের সামনে আসা একটি ভ্রাম্যমাণ কফির দোকান থেকে তারা কফি কিনে পান করেছিল। ওই কফি পান করার পর থেকেই তারা অসুস্থ বোধ করতে শুরু করে। তবে কফি পান করার কারণেই তারা অসুস্থ হয়েছে কি না, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এদিকে, বিদ্যালয়ের কয়েকজন সহপাঠীর দাবি— প্রেমঘটিত কোনো ব্যক্তিগত সমস্যার কারণেও এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে তাদের এই দাবির স্বপক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর বিদ্যালয় ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চার ছাত্রী কীভাবে একসঙ্গে অসুস্থ হলো এবং তাদের শরীরে ঘুমের ওষুধের প্রভাব কীভাবে এলো, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

ডিআর