সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদ থেকে অব্যাহতি চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে তিনি এ সংক্রান্ত চিঠি জমা দেন বলে পিএসসির একজন সদস্য জানিয়েছেন।
চেয়ারম্যানের অব্যাহতি চাওয়ার কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা জানানো হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা বলেন, চেয়ারম্যান জানিয়েছেন, অসুস্থতার কারণে দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে পিএসসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যানকে সম্প্রতি পদ থেকে সরে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে গুঞ্জন রয়েছে। পাশাপাশি বর্তমান কমিশনের পক্ষ থেকে পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠি নিয়েও সরকারের মধ্যে অসন্তোষ ছিল বলে তিনি দাবি করেন। এসব বিষয় চেয়ারম্যানের অব্যাহতি চাওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ওই সদস্য মনে করেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর তৎকালীন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগ করেন।
পরে ২০২৪ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এসএস




Comments