Image description

আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

অতিথিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলকারী যানবাহনকে বিশেষ নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বাসগুলোকে সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে।

বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক রুট ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি।

ডিএমপি জানিয়েছে, সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তাই যাত্রী ও চালকদের নির্ধারিত নির্দেশনা মেনে চলার পাশাপাশি সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।


এসএস