দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
শুক্রবার ( ২১ আগষ্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে হেফাজত নেতারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতি সমুন্নত রেখে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং আলেম-ওলামার মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তারা।
হেফাজত নেতারা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইসলাম ও দেশের আলেম-ওলামার সঙ্গে সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর হবে এবং ধর্মীয় বিষয়ে তাদের মতামত ও পরামর্শ যথাযথ গুরুত্ব পাবে বলে তারা প্রত্যাশা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব পালনের মাধ্যমে দেশে ন্যায়, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণের পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে তারা বিশ্বাস করেন।
এ ছাড়া রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি আগ্রাসন মোকাবিলা, রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরিতে রাষ্ট্রপতি সাহসী ও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন হেফাজত নেতারা।
বিবৃতিতে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এনএ




Comments