জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়া ও চীন সফরের পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন তিনি। পরে তার সানফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের যুক্তরাষ্ট্র সফর সামনে রেখে প্রস্তুতি চলছে। সফরসঙ্গীদের ভিসা প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তারা জানান, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান।
অধিবেশনের মূল পর্বে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন অনুষ্ঠান ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।
এদিকে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার বিষয়ে আলোচনা চললেও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নেয়নি।
যুক্তরাষ্ট্র সফরের সময় সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
এসএস




Comments