Image description

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে।

ইসলামি ঐতিহ্য অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তাঁর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই তিনি বাবাকে হারান এবং ছয় বছর বয়সে মাতৃহারা হন। ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

পবিত্র এই দিন উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, নফল নামাজ, দান-খয়রাত ও অন্যান্য ইবাদতের মাধ্যমে দিনটি পালন করবেন। অনেকে নফল রোজাও রাখবেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বাংলাদেশে সরকারি ছুটি। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ ও লাইট পোস্টে জাতীয় পতাকা ও কালিমা তায়্যিবা-সংবলিত ব্যানার টানানো হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, সাম্য, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ মাহফিল, কিরাত, হামদ-নাতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে দেশের বিশিষ্ট আলেম-ওলামারা অংশ নিয়ে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, কবিতা পাঠ, সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন রয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলারও আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় ও ইসলামি গ্রন্থের পাশাপাশি মহানবী (সা.)-এর জীবন ও কর্মভিত্তিক বই থাকছে এ মেলায়।

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

এসএস