Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এ অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। এবারের অধিবেশন ৫, ৭ অথবা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হতে পারে।

চিফ হুইপ জানান, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিল রয়েছে।

সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত প্রস্তাবিত আইনে বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগদখল ও ব্যবহারের অধিকার বজায় রাখার বিধান রাখার কথা জানান তিনি। এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা রোধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান নূরুল ইসলাম মনি।

এদিকে জুলাই সনদ ও সংবিধান সংশোধনের বিষয়েও অধিবেশনে আলোচনা হতে পারে। সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে বলেও জানান চিফ হুইপ। প্রস্তাবিত কমিটিতে বিএনপি থেকে সাতজন এবং জামায়াত থেকে পাঁচজন সদস্য রাখার কথা রয়েছে। অন্যান্য ছোট দল থেকেও সদস্য রাখার প্রস্তাব রয়েছে।

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।