বিশেষ কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকা এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময়ে ওয়াকআউট করেছে বিরোধী দল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সংসদে আলোচনার অপেক্ষায় থাকলেও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া নেওয়া হয়েছে। অথচ এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা।
বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সরকারি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে ক্রমাগত সময়ক্ষেপণ করছে। এর প্রতিবাদেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
এর আগে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। দিনের শেষ সময়ে বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।
এসএ




Comments