Image description

বিরোধী দলকে সংসদীয় রীতি ও চর্চায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তুচ্ছ কারণে বারবার সংসদ থেকে ওয়াকআউট করলে শেষ পর্যন্ত গণতন্ত্রেরই ক্ষতি হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে বিরোধীদলীয় নেতার বক্তব্য ও ওয়াকআউটের পর ফ্লোর নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের প্রধান লক্ষ্য আইন প্রণয়নসহ দেশের গুরুত্বপূর্ণ সংকটের সমাধান জাতীয় সংসদে করা। রাজপথে বা অন্য জায়গায় অনেক কথা বলা গেলেও সংসদে নির্দিষ্ট নিয়ম মেনে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলতে হয়।

বিরোধী দলের ওয়াকআউটের সমালোচনা করে তিনি বলেন, আইন প্রণয়নে সহযোগিতা না করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ওয়াকআউট করা হয়েছে বলে তিনি মনে করেন। মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে বিরোধী দলের দীর্ঘদিনের দাবির কথাও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব আইন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিল প্রস্তুত করা হয়েছে। বিলের কপি আগেই সংসদ সদস্যদের দেওয়া হয়েছিল। এরপরও বিল উত্থাপনকে কারণ দেখিয়ে বিরোধী দলের সংসদ ত্যাগ করা দুঃখজনক।

এসএস