Image description

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করার মাধ্যমে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

আইরিন খানের মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন বিশ্বখ্যাত আন্তর্জাতিক সংস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করেছেন।

২০২০ সাল থেকে তিনি মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার হিসেবে নিয়োজিত ছিলেন। এর আগে, ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আইরিন খানের বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ইউএনএইচসিআর) ২১ বছরের দীর্ঘ কর্মজীবনে ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপপরিচালকসহ বিভিন্ন উচ্চপদে কাজ করেছেন।

মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি মর্যাদাপূর্ণ ‘সিডনি পিস প্রাইজ’-এ ভূষিত হন। তিনি ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ নামক গুরুত্বপূর্ণ একটি গ্রন্থের রচয়িতা। আইরিন খান ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার এবং হার্ভার্ড ল স্কুলে আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন।

ডিআর