Image description

দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।" 

তিনি আরও জানান, লুট হওয়া অস্ত্র কোথাও মজুত করা হয়েছে বা কারও কাছে রয়েছে—এমন সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার প্রদান করা হবে। এ সময় তিনি সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

এর আগে অনুষ্ঠিত সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষায় কর্মক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং আধুনিক সরঞ্জাম সরবরাহের দাবি জানান। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুলিশকে আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

ডিআর