গুম ও খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের ৭৪ জন সদস্যকে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব নিয়োগপত্র তুলে দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মোট ৭৪ জনকে এই নিয়োগপত্র দেওয়া হয়েছে, যার মধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী নিজে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন।
নিয়োগপত্র প্রাপ্তদের মধ্যে রয়েছেন—গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।
এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা (দৃষ্টিশক্তি হারানো) আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং শহীদ ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন।
নিয়োগপত্র গ্রহণের পর ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা ও শহীদদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আবেগঘন পরিবেশে তারা গুম ও খুনের সাথে জড়িত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা ও শাহাদাৎ স্বাধীন। এছাড়া সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক, শাহরিয়ার পামির এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডিআর




Comments