মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। একই সঙ্গে এই জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে ঢাকা কোনো ঝুঁকি দেখছে না বলেও জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১।
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা এবং এতে কোনো ঝুঁকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।’
এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, বাংলাদেশ মক্কা প্যাক্টে যোগ দেবে কি না, তা চুক্তিভুক্ত দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, চুক্তিভুক্ত দেশগুলো বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মক্কা চুক্তি বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। বর্তমানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি কার্যকর রয়েছে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি সদস্য রাষ্ট্রগুলোর ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
তিনি বলেন, চুক্তিটি তিনটি দেশের মধ্যে হয়েছে এবং বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে বাংলাদেশ এতে যোগ দেবে কি না, সেই প্রশ্ন এখনো আসেনি। কারণ বিষয়টি নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চুক্তিটি বিস্তৃত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে কাজ করবে। এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে রোববার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলোচনা হয়। হুমায়ুন কবির জানান, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত পর্যায়ে রয়েছে। এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সংলাপের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
এনএ




Comments