Image description

আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাতের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চরম মাশুল এখন দেশের সাধারণ জনগণকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময় বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "বর্তমান সরকার একদিকে দেশের অর্থনীতিকে সচল করার আপ্রাণ চেষ্টা করছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতিতে পড়ছে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরাও নানা সংকটের মুখে পড়েছেন। এর সঙ্গে বিগত সরকারের রেখে যাওয়া জ্বালানি খাতের সংকট বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।"

শামা ওবায়েদ আরও বলেন, গত ১৭ বছরে জ্বালানি খাতে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের অনেকেই তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে এখন বিদেশে অবস্থান করছেন। তারা জনগণের রক্তঘামানো হাজার হাজার কোটি টাকা বিদেশে বসে ভোগ করছেন, আর দেশের সাধারণ মানুষকে এখন বিদ্যুৎ ও গ্যাসসহ চরম জ্বালানি সংকট মোকাবিলা করতে হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের সময়কার অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করে বিএনপির এই নেত্রী বলেন, "সে সময় জ্বালানি খাতে যে অনিয়ম ও বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল, তার প্রভাব এখনো কাটেনি। এমনকি মাঝখানে প্রায় দেড় বছর দায়িত্বে থাকা সরকারও এই সংকট সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি।"

বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাসের স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের যেকোনো সংকট ও প্রাকৃতিক দুর্যোগে বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে মানুষের অধিকার রক্ষা করেছেন। এই আন্দোলনে দলটির বহু নেতাকর্মী নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তিনি মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এই অল্প সময়েই তিনি দেশের উন্নয়ন ও উৎপাদনমুখী অর্থনীতির শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছিলেন। কৃষি, শিল্প, কলকারখানা, মৎস্য সম্পদ, প্রবাসী আয় বৃদ্ধি এবং খাল খননসহ বিভিন্ন খাতে তাঁর নেওয়া যুগান্তকারী উদ্যোগগুলো দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জিয়ার লক্ষ্য ছিল উৎপাদন বাড়িয়ে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, এরশাদ সরকারের আমলে যখন দেশে স্বৈরাচারী শাসন চেপে বসেছিল, তখন খালেদা জিয়া রাজপথে নেমে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আপসহীন নেতৃত্বের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছিল। যারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন দেখছেন, তাদের উচিত দেশের অতীতের এই রাজনৈতিক সংগ্রামের ইতিহাস মনে রাখা।

সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজপথের লড়াইয়ের পর গত ফেব্রুয়ারি মাসে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে দেশের মানুষ কোনো ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং জনগণের বিপুল সমর্থন নিয়েই বিএনপি আজ দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতিতে হতাশ হওয়া চলবে না। চলমান সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধৈর্য এবং সততার সাথে কাজ করলে দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে এবং জ্বালানি সংকটসহ সব সমস্যার সমাধান করা সম্ভব হবে।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা হাসান আশরাফ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। জনসভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ডিআর