Image description

বারবার গভীর সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে যেভাবে রক্ষা করেছে, চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট থেকেও দেশকে বিএনপির নেতৃত্বেই টেনে তুলতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দলটির প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকীতে তিনি জোর দিয়ে বলেন, হাজারো নেতাকর্মীর ত্যাগ ও আত্মদানের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে গড়ার এই গুরুদায়িত্ব এখন বিএনপিকেই নিতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত মাঠের ত্যাগী কর্মীদের অভিনন্দন জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "রাজপথে দীর্ঘ আন্দোলন, জেল-জুলুম, নির্যাতন ও পঙ্গুত্ব বরণকারী পরিচিত মুখগুলোকে আজ আবার সামনে দেখে আমি অত্যন্ত আনন্দিত। সরকারি দায়িত্ব পালনের ব্যস্ততার কারণে আগের মতো নেতাকর্মীদের সব সময় হয়তো সময় দিতে পারছি না, তবে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে দেশপ্রেমই আমাদের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।"

তিনি আরও বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের উন্নয়ন, উৎপাদন ও জাতীয়তাবাদী শৃঙ্খলার রাজনীতি শিখিয়েছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবন দিয়ে আমাদের ত্যাগের শিক্ষা দিয়ে গেছেন। তাঁদের সেই আদর্শকে ধারণ করেই আমাদের পথ চলতে হবে।"

দেশের অর্থনৈতিক উত্তরণের প্রসঙ্গ টেনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি অর্থনৈতিক গতি ফেরাতে বড় আকারের বাজেট বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। 

তিনি দলের ভেতর ও বাইরের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও দখলদারদের ছাড় দেওয়া হবে না। যারা এসব অপকর্মে লিপ্ত হবে, তাদের ধরে পুলিশে সোপর্দ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।"

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও কেন্দ্রীয় সদস্য শামসুল আলমসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ডিআর