ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৪০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লালপোল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল আলিম চট্টগ্রামের বারইয়ারহাট পৌর এলাকার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেট কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়।
এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল আলিমের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।
মহিপাল হাইওয়ে থানার এসআই মাজেদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিতে দুটি রেকার ব্যবহার করা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এসএসু




Comments