Image description

সরকারবিরোধী মতপ্রকাশ করলেই কাউকে ধরে আনা কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে আইন প্রয়োগের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট-সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমানে দেশে যে গ্যাস ও বিদ্যুৎ সংকট চলছে তা সরকারের তৈরি কোনো কৃত্রিম সংকট নয়। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে এলএনজি আমদানিতে প্রতিবন্ধকতা এবং মহেশখালী গ্যাস টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

তিনি অভিযোগ করেন, এই সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে রাজপথে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীদের সমালোচনা করার পূর্ণ অধিকার রয়েছে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকার নিজের ভুলগুলো শুধরে নিতে পারে। তবে সমালোচনার পাশাপাশি সংকট সমাধানের পথ বা রূপরেখাও বিরোধীদের দেখানো উচিত।” 

রিজভী জানান, সরকার সংকট মোকাবিলায় বসে নেই; অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের পাশাপাশি মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন উৎস থেকে দ্রুত গ্যাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, “উচ্চতর আদালত, গণমাধ্যম, পুলিশ প্রশাসন ও শিক্ষা ব্যবস্থাসহ প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত ও স্বাধীন করতে হবে। পুলিশ প্রশাসনকে যদি দলীয় স্বার্থে ব্যবহার করা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার বিঘ্নিত হয়। যেকোনো মতপ্রকাশের কারণে কাউকে হয়রানি করার সংস্কৃতি আমাদের বন্ধ করতে হবে।”

সেমিনারে রিজভী দেশে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পুলিশ প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং জাসাস সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ডিআর