রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মারামারি থামাতে গিয়ে মহির উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, চোখের সামনে দুই ছেলের মারামারি দেখে অসুস্থ হয়ে তিনি মারা যান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহির উদ্দিন দ্বিতীয় স্ত্রী ও দুই ছেলে মাইদুল ইসলাম ও রশিদুল ইসলামকে নিয়ে গুলশান মোড় এলাকায় বসবাস করতেন। ছোট ছেলে রশিদুল মাদকাসক্ত হয়ে পড়ায় কয়েক দিন ধরে তাকে মুদি দোকানে বসতে দিচ্ছিলেন না মহির উদ্দিন ও বড় ছেলে মাইদুল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে রশিদুল দোকানে এসে ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করলে মাইদুল বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তারা মারামারিতে জড়িয়ে পড়েন।
এ সময় উপজেলা সদরবাজার থেকে দোকানের মালামাল নিয়ে সেখানে আসেন মহির উদ্দিন। দুই ছেলের মারামারি দেখে তিনি তাদের থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান।
পরে বড় ছেলে ও স্বজনরা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিহাব উদ্দিন বলেন, স্বজনদের ভাষ্য অনুযায়ী, দুই ছেলের মারামারি দেখে অসুস্থ হয়ে মহির উদ্দিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বজনরা থানায় কোনো লিখিত অভিযোগ দেননি।
তিনি আরও জানান, নিহতের এক ছেলে খবর পেয়ে আসতে দেরি করায় মরদেহ কয়েক ঘণ্টা হাসপাতালেই ছিল। রাত সোয়া ৯টার দিকে স্বজনরা মরদেহ নিয়ে যান। রাতে জানাজা শেষে দাফন করার কথা জানিয়েছেন তারা।
এসএস




Comments