দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির আওতায় আনার ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এর ফলে তথ্য গোপন করে প্রতারণামূলক একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেওয়ার সুযোগ পুরোপুরি রোধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর নিকেতনে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী বিশেষ আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।
আইনমন্ত্রী আরও জানান, বিবাহ ও তালাক নিবন্ধনের এই অনলাইন ডেটাবেজটি পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ডিজিটাল জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সমন্বিত বা যুক্ত করা হবে। এর ফলে যেকোনো নাগরিকের বিবাহিত বা অবিবাহিত স্ট্যাটাস এবং পারিবারিক তথ্যাদি মুহূর্তেই যাচাই করা সম্ভব হবে।
ইতোমধ্যে দেশের সব কাজী ও নিকাহ রেজিস্ট্রারদের ধাপে ধাপে এই আধুনিক অনলাইন নিবন্ধনের কৌশল ও সফটওয়্যার ব্যবহারে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
এদিকে, প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে আইনমন্ত্রী জানান, ঢাকা অঞ্চলের সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ও সিন্ডিকেট ভাঙতে খুব শিগগিরই লটারির মাধ্যমে নিরপেক্ষ পদায়ন প্রক্রিয়া শুরু করবে মন্ত্রণালয়।
ডিআর




Comments