জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন নিশ্চিত করে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যক্রমে বিশেষ স্বীকৃতি পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি এ সম্মাননা তুলে দেন।
স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থানীয় বিভাগের সচিব মো. মামুনুর রশিদ ভূঁঞা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ ফারাহ শাম্মী, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, ঢাকার হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন ড. মিখাল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি মিজ জিলিয়ান মেলসপ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমও উপস্থিত ছিলেন।
নাগরিক সেবায় উৎসাহ দেবে স্বীকৃতি
সম্মাননা অর্জনের পর রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জন্ম ও মৃত্যু নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে কার্যক্রমে সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এই স্বীকৃতি ভবিষ্যতে আরও সহজ, দ্রুত ও কার্যকর নাগরিক সেবা নিশ্চিত করতে উৎসাহ জোগাবে।
এসএস




Comments