জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়াই সব ধরনের মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।
বিআরটিএ গ্রাহকদের এই সুযোগ কাজে লাগিয়ে ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে।
গাড়ি বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক
এদিকে মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ।
কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই সড়ক ও মহাসড়কে গাড়ি ব্যবহার করছেন। এতে আগের মালিককে আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিকানা পরিবর্তন না হওয়ায় আগের মালিককেই সংশ্লিষ্ট মোটরযানের অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে। এতে বিক্রেতারা অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
একই দিনে মালিকানা পরিবর্তনের সুযোগ
বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ ও দ্রুত করা হয়েছে। এখন অনলাইনে (bsp.brta.gov.bd) আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক তথ্য দিতে পারছেন।
এ অবস্থায় মোটরযান বিক্রেতা ও ক্রেতাদের দ্রুত মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।
ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটছে বিআরটিএ
সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে কার্যকর করার অংশ হিসেবে চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক পয়েন্ট কর্তনও শুরু করেছে বিআরটিএ।
কর্তৃপক্ষ জানায়, আইনটির ১১ ধারার উপধারা (১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। আইন অমান্য বা বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে অর্থদণ্ড কিংবা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে অতিরিক্ত দোষসূচক পয়েন্ট কাটা হচ্ছে।
এনএ




Comments