Image description

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

শনিবার (৯ অক্টোবর) বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য পরিচালনাগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের BG339 ও BG340 ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ফ্লাইট দুটির যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রেও যোগাযোগ করা যাবে।

পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা বিমানের অফিশিয়াল ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

এসএস