Image description

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব ভার গ্রহণ করেন।

দীর্ঘ ২ বছর ১০ দিন অধিদপ্তরটিতে সফলতার সাথে দায়িত্ব পালন শেষে বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বীয় বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।

দায়িত্ব হস্তান্তর উপলক্ষে সোমবার সকালে নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরবর্তীতে সকাল ১১টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে বিদায়ী দরবার এবং দুপুরে কনফারেন্স রুমে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী ডিজি তাঁর দায়িত্ব পালনকালীন কর্মজীবনের স্মৃতিচারণা করেন এবং সফলভাবে সেবা কার্যক্রম পরিচালনায় কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার প্রশংসা করে গভীর কৃতজ্ঞতা জানান। সকল আনুষ্ঠানিকতা শেষে দায়িত্ব হস্তান্তর পর্বে ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিদর্শন বইতে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি।

পরবর্তীতে বিকেলে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আয়োজিত দিকনির্দেশনামূলক বক্তব্যে নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ পেশাগত দক্ষতা বৃদ্ধি, অগ্নিনিরাপত্তা জোরদার নিশ্চিতকরণ এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় দ্রুততম সময়ে সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের শীর্ষ পদে এই রদবদল সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

ডিআর