কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার রোহান (২৩) ও শহীদুল ইসলাম (২৩) রয়েছেন। নিখোঁজদের একজন নাফিসুল হক নিবিড় (২২)। নিখোঁজ অপর পর্যটকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একদল পর্যটক সৈকতে গোসল করতে নামেন। এ সময় প্রবল ঢেউ ও স্রোতে কয়েকজন ভেসে যান। তাদের উদ্ধার করতে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। প্রথমে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা আরেক পর্যটককে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান তিন পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটকদের সন্ধান পাওয়া যায়নি।




Comments