Image description

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ দেবে জাপান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে জাপানি অনুদান সহায়তার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এ-সংক্রান্ত নথিপত্রে স্বাক্ষর ও বিনিময় করেন।

জাপান দূতাবাসের তথ্য অনুযায়ী, ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপানে নির্মিত ৩৫ মিটার শ্রেণির টহল জাহাজটি দেওয়া হবে।

জাহাজটি সামুদ্রিক অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরকালে স্বাক্ষরিত এ চুক্তি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করবে।

এনএ