খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন ভর্তি হওয়া ২৫০ ডেঙ্গু রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩১ জন চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। বিভাগজুড়ে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ২০ হাজার ৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫০৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৫ জন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে ৪২৮ জন রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে খুলনা জেলায় ডেঙ্গু সংক্রমণের হার সবচেয়ে বেশি। এ জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। অন্যদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ৫৬৬ জন।
এদিকে, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে খুলনা ও কুষ্টিয়া জেলায় একজন করে রয়েছেন। একই সময়ে বিভাগে নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ডেঙ্গু ও সন্দেহজনক হামে মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এসএ




Comments