সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে যৌথ অভিযান, ৩ কোটি টাকার জাল জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে অবৈধভাবে মা ইলিশ আহরণ প্রতিরোধে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় ৯টি বোটের মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার কুমিরা উপকূলসংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনুমানিক ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। এ ছাড়া প্রায় ৬ মেট্রিক টন মা ইলিশসহ অন্যান্য প্রজাতির ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ। অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ছাড়া সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুযায়ী ৯টি বোটের মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা, এলাকার হতদরিদ্র পরিবার, মন্দির ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মা ইলিশের প্রজনন রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ




Comments