সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার দীর্ঘ রেশ কাটতে শুরু করেছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) থেকে রিয়াদ থেকে ঢাকামুখী সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট পুনরায় চালু হতে পারে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর বিমানবন্দরটিতে বেশ কিছুদিন ফ্লাইট ওঠানামা সম্পূর্ণ বন্ধ থাকে। ১৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত তিনটা পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল, যার ফলে মধ্যপ্রাচ্যগামী বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ফ্লাইট চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
বেবিচকের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ ও নিরাপত্তার কড়াকড়ির কারণে ঢাকা থেকে এ পর্যন্ত মোট ১৪৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত বা বাতিল করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো। এর ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ২৪১ জন যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন।
বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের সংখ্যা ৬৯টি। এর মধ্যে রয়েছে:
বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ২৯টি
ইউএস-বাংলা এয়ারলাইনস: ১০টি
সৌদিয়া এয়ারলাইনস: ১৯টি
রিয়াদ এয়ারলাইনস: ১১টি
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ৭৭টি ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগো (৩০টি), সালাম এয়ার (৭টি), ইজিপ্টএয়ার (১টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাইদুবাই (৮টি) এবং এয়ার ইন্ডিয়া (৮টি)।
উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে।
এর আগে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে সাময়িকভাবে ফ্লাইট চালু করেছিল বিমান এবং ২২ অক্টোবর ৩৭৯ জন যাত্রী নিয়ে একটি ফ্লাইট ঢাকা ছাড়ে। তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে পরে স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। তবে রিয়াদ ও দাম্মাম রুট বন্ধ থাকলেও বর্তমানে জেদ্দা ও মদিনা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ডিআর




Comments