Image description

জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে উড্ডয়নের ঠিক প্রাক্কালে উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি ধরা পড়ায় এর উড্ডয়ন স্থগিত করা হয়। এর ফলে প্রধানমন্ত্রীকে কিছু সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির ঢাকা অভিমুখে উড্ডয়নের কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীদের বহনকারী ‘বিজি-৩৭৭’ নম্বরের ফ্লাইটটি নারিতা বিমানবন্দর থেকে সব প্রক্রিয়া শেষ করে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল। যাত্রীদের বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়।

পরবর্তীতে রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটের মনিটরে উড়োজাহাজের স্পয়লারসংক্রান্ত কারিগরি ত্রুটির সংকেত দেখতে পান পাইলট। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন তিনি। এরপর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে জরুরি সমন্বয় করে উড়োজাহাজটিকে পুনরায় নিরাপদে পার্কিং বে-তে ফিরিয়ে আনা হয়।

ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই বিমানটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন সঙ্গে থাকা দক্ষ প্রকৌশলীরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারাতে কাজ করছেন।

বিশেষজ্ঞদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, স্পয়লারের ত্রুটি পুরোপুরি মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় সম্পূর্ণ উড্ডয়নযোগ্য অবস্থায় আনতে দুই থেকে তিন ঘণ্টার মতো সময় লাগতে পারে। তবে কারিগরি দল কর্তৃক যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও ছাড়পত্র পাওয়ার পরই ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের সিইও ও প্রধান নির্বাহীদের সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বৈঠকে অংশ নেন।

ডিআর