কক্সবাজারের উখিয়ার ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলার ঘটনায় ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। বিশেষজ্ঞদের পরামর্শে আপাতত গ্যাস উন্মুক্তভাবে বের হতে দেওয়া হচ্ছে। এতে ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ কমে আসতে পারে বলে আশা করছে সংস্থাটি।
রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ অক্টোবর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরে পৌঁছানোর পর ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। ঘটনার পরপরই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুই ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা বর্তমানে কক্সবাজারে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
পেট্রোবাংলা জানায়, আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আপাতত গ্যাস উন্মুক্তভাবে বের হতে দেওয়া হচ্ছে। এতে আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে। তবে নির্ধারিত সময়ে পরিস্থিতির উন্নতি না হলে বিশেষজ্ঞ দলের মাধ্যমে অগ্নিনির্বাপণ ও গ্যাসের প্রবাহ বন্ধে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এ ছাড়া ঘটনাস্থলে গ্যাসের সম্ভাব্য মজুত নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে। এ ঘটনায় জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।




Comments