Image description

আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সমাজে খারাপ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের সঙ্গে তিনি রাজনীতি করবেন না। তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না এবং দলে তাদের কোনো স্থান হবে না।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুরাদনগর উপজেলার কামাল্লা হাইস্কুল মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ তার বক্তব্যে বিগত সময়ের স্মৃতিচারণ করে বলেন, “এক সময় কেউ ভাবেনি এই জালিম সরকার এভাবে বিতাড়িত হবে। আমিও কখনো ভাবিনি সন্মানের সঙ্গে দেশে ফিরে এসে নির্বাচন করার সুযোগ পাবো। আমি বিশ্বাস করি, আপনাদের দোয়ার বরকতেই আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিয়েছেন।”

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আপনাদের সমর্থন ও ভালোবাসায় আল্লাহ আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, পুনরায় নির্বাচিত হলে মুরাদনগর আর নেতাদের কথায় চলবে না, চলবে জনগণের কথায়। জনগণের সঙ্গে আলোচনা করেই সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। আমি সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক মানুষদেরই নেতৃত্বে নিয়ে আসবো।”

বিগত ১৭ বছরের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, “এই দীর্ঘ সময়ে মুরাদনগরে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। আমাদের সময়ের নির্মিত রাস্তাগুলোও সঠিকভাবে সংস্কার করা হয়নি। মুরাদনগরবাসী দীর্ঘদিন জেল-জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও মাদকের অভয়ারণ্যের মধ্যে অতিষ্ঠ ছিল।”

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপনের সভাপতিত্বে এবং জসিম উদ্দিন চৌধুরী ও তোফাজ্জল হোসেন লিটনের যৌথ সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক আজিজ মোল্লা, নজরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

পথসভাটি একপর্যায়ে বিশাল জনসভায় রূপ নেয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মানবকণ্ঠ/ডিআর