Image description

নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ বলছে, দেশব্যাপী নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চর মল্লিকপুরের মো. ফরিদ শেখ, কাশিপুরের মো. সাজ্জাদুর জামান কচি, নলদীর মো. বাদশা মোল্যা, কাশিপুরের আল আমিন গাইন, গোপীনাথপুরের সাবেক কমিশনার মো. মোজাম খাঁ, লক্ষ্মীপাশার জালাল উদ্দিন বিপ্লব (বিপু), কাশিপুরের জামির হোসেন অপি, পোদ্দারপাড়ার মো. মহাসিন মোল্লা, কলেজপাড়ার সাবেক কমিশনার আনিচুর রহমান আনিচ, কলাগাছির মো. করিম শেখ, মো. মাহাবুর মোল্যা এবং দাসের ডাঙ্গার মো. আকতারুজ্জামান ফকির।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা, মিছিলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এসএ