Image description

ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে আল্লাহ তায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আরামবাগে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি—এ জন্য সবার দোয়া চাই।”

মির্জা আব্বাস অভিযোগ করেন, তাকে অশান্ত পরিবেশে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইচ্ছাকৃতভাবে অশালীন বক্তব্য দিচ্ছেন, যাতে এলাকায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। তবে তিনি এমন পরিস্থিতিতে জড়াতে চান না বলেও জানান।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে ‘সিনক্রিয়েট’ করার চেষ্টা চলছে এবং নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে।

গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মির্জা আব্বাস প্রথমে ফকিরাপুল এলাকায় যান। পরে বিকেলে কমলাপুর কালভার্ট রোড থেকে বাবে রহমত উট খামার পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালান। সন্ধ্যায় সিদ্ধেশ্বরী কলেজ এলাকার আশপাশে গণসংযোগ করেন এবং রাতে বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে যাওয়ার কথা রয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কয়েকটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার চেষ্টা করতে পারে। তার দাবি, নিজেরা যে কর্মকাণ্ডে জড়িত, তার দায় অন্য দলের ওপর চাপানো হচ্ছে।

মির্জা আব্বাস আরও বলেন, যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা ক্ষমতায় এসে ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছে। তার মতে, সরকারের গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের লোক বসানো থাকার কারণেই তারা এমন সাহস দেখাচ্ছে।

মানবকণ্ঠ/আরআই