Image description

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে দেওয়া নিষেধাজ্ঞা সোমবার সন্ধ্যার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি নির্বাচন কমিশনকে (ইসি) এই হুঁশিয়ারি দেন।

জামায়াত আমির বলেন, “নির্বাচন কমিশন এমন আচরণ করছে যে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ক্যামেরা বা মোবাইল নেওয়া যাবে না। আজ সন্ধ্যার মধ্যে এই বিধি প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, “জনগণ এখন ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ জনগণেরই বিজয় হবে।”

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, “অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয়েছিল, তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল—যাতে হত্যা বৈধ করা যায় এবং অন্যায় লুকিয়ে রাখা যায়।”

মোহাম্মদপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, “এই এলাকায় মাদক ও অস্ত্রের বাণিজ্য হয়। আমরা ক্ষমতায় গেলে বিপথগামী সন্তানদের সঠিক পথে ফিরিয়ে আনা হবে।”

নির্বাচনে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করে জামায়াত আমির বলেন, “আমরা কোনো দলীয় সরকার গঠন করব না, আমরা জনগণের সরকার গঠন করব।”

তিনি আরও বলেন, “একটি দল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু দেশের মানুষ তাদের অতীত ভূমিকা দেখেছে।”

সরকারি প্রশাসন নিয়েও অভিযোগ তুলে তিনি বলেন, “সরকারের কিছু আমলা ও সচিব এখনো দলবাজি করে পছন্দের প্রার্থীদের জেতানোর চেষ্টা করছে। এবার কেউ এমন করলে তাদের আর ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, গত রোববার রাতে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, ভোটের দিন প্রিসাইডিং অফিসার ও নির্দিষ্ট কয়েকজন নিরাপত্তা সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবে না।

ইসি সচিবালয়ের দাবি, ভোটের গোপনীয়তা রক্ষা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই