Image description

ঢাকা-৮ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পরীবাগ মসজিদ সংলগ্ন ২১নং ওয়ার্ডের ক্যাম্পে এ ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

হামলার শিকাররা অভিযোগ করেছেন, কয়েকজন দুর্বৃত্ত ক্যাম্পে প্রবেশ করে নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। তারা কিল, ঘুষি ও লাথি মারার পাশাপাশি ক্যাম্পে অফিস জ্বালানোর হুমকি দেয়। এ সময় জামায়াতে ইসলামি ও জোটের কর্মীরাও প্রতিরোধ করলে হামলাকারীরা কিছুক্ষণের ধস্তাধস্তির পর পালিয়ে যায়।

হামলায় গুরুতর আহত সুমন নামে এক কর্মীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামায়াতের শাহবাগ থানার সেক্রেটারি লোকমান হোসাইন বলেন, “হামলায় আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা এ ধরনের হুমকিতে ভীত নই। জনগণ ১২ ফেব্রুয়ারি ব্যালেটে ভোট দিয়ে প্রতিবাদ করবেন।”

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান বলেন, “এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। আমরা খোঁজ-খবর নিয়ে পরিস্থিতি যাচাই করছি।”

এর আগে, রোববার রাত সাড়ে ১১টায় একই ক্যাম্পের সামনে প্রার্থীর বিরোধী দলের কর্মীরা স্লোগান দিয়ে হুমকি প্রদর্শন করেছিলেন।

মানবকণ্ঠ/আরআই