Image description

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১ মার্চ) বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই কর্মসূচি শুরু হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নেতাদের হত্যার প্রতিবাদে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

বিকেল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠাতব্য এই বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। জমায়েত শেষে মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

উল্লেখ্য, গতকাল শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি সপরিবারে নিহত হওয়ার খবর প্রকাশ পায়, যার প্রেক্ষিতে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মানবকণ্ঠ/আরআই