Image description

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় যুক্ত হয়েছে ঝালকাঠির নলছিটির কৃতি সন্তান ও আলোচিত রাজনৈতিক আন্দোলনকর্মী শরীফ ওসমান বিন হাদির জীবনী। সম্প্রতি তার বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক আদর্শ, আন্দোলন-সংগ্রাম এবং শাহাদাতের ঘটনাবলি নিয়ে একটি বিস্তারিত নিবন্ধ প্রকাশ করা হয়েছে এই বিশ্বকোষে।

উইকিপিডিয়ার তথ্যমতে, ১৯৯৩ সালের ৩০ জুন নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন শরীফ ওসমান বিন হাদি। তিনি ঝালকাঠি এন এস কামিল মাদরাসা থেকে শিক্ষা জীবন শুরু করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পেশাগত জীবনে শিক্ষকতা ও লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় ছিলেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সংগঠন 'ইনকিলাব মঞ্চ'-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে দেশব্যাপী আলোচনায় আসেন তিনি। বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন এবং জুলাই বিপ্লবের শহীদদের অধিকার রক্ষায় তার সাহসী ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শাহাদাতবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। তিনি স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন। রাজধানী ঢাকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।

মানবকণ্ঠ/আরআই