জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সংসদ, দিল্লির কথায় বিভেদ সৃষ্টি করবেন না: পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। আপনারা সরকার গঠন করেছেন, এবার জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন। দিল্লির কথায় দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করবেন না।”
সোমবার (৬ এপ্রিল) বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত উপ-নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াতসহ ১১ দল মনোনীত প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিয়া গোলাম পরওয়ার বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তারা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন। প্রধানমন্ত্রী নিজে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিলেন, অথচ এখন তিনি তা অস্বীকার করছেন। অন্তর্বর্তী সরকারের গণভোট আদেশ বাতিল করে প্রধানমন্ত্রী ৫ কোটি ভোটারের সাথে প্রতারণা করছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “শেখ হাসিনা যেমন মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, বিএনপিও সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিজেদের খবরদারি প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের গুরুত্বপূর্ণ আদেশগুলো বাতিলের উদ্যোগ নিয়েছে। জামায়াতে ইসলামী জাতীয় সংসদে এসব গণবিরোধী উদ্যোগের প্রতিবাদ করছে এবং প্রয়োজনে রাজপথের আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “বিএনপি তাদের নিজেদের ঘোষিত ৩১ দফার প্রথম দফার সঙ্গেই প্রতারণা করছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে চাটুকারদের ভিসি নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে দলীয়করণ করছে। একজন ঋণখেলাপি কীভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন? তিনি দেশের অর্থনীতি কীভাবে ঠিক করবেন?” তিনি আসন্ন উপ-নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এবং ভোটারদের ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু এবং বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ শহরের শহীদ খোকন পার্কে আরও একটি নির্বাচনী গণসমাবেশে অংশ নেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments