দ্রুত সময়ের মধ্যেই সরকারকে ‘লাল কার্ড’ দেখানো হবে: নাসীরুদ্দীন পাটোয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে ব্যর্থ হলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। খুব দ্রুত সময়ের মধ্যেই সরকারকে ‘লাল কার্ড’ দেখানো হবে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটোয়ারী সরকারের সমালোচনা করে বলেন, ‘বর্তমান সরকার দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থ হয়েছে। এই মন্ত্রিসভার অনেক সদস্যই মূলত ‘হাওয়া ভবন’ থেকে আসা লোক।’ তিনি অভিযোগ করেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এই সরকারের কোনো সদিচ্ছা নেই।
তিস্তা নদীর পানি বণ্টন ইস্যু নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপি’র এই শীর্ষ নেতা বলেন, ‘আমাদের নদীতে পানি চাই, যেকোনো মূল্যের বিনিময়ে পানি চাই। পানির অধিকার আদায়ে প্রয়োজনে দক্ষিণ এশিয়ায় যুদ্ধ হতে পারে। পানি ছাড়া বাংলাদেশের অস্তিত্ব রক্ষা সম্ভব নয়।’ তিনি আরও যোগ করেন, পানির প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের পরিচয় একটাই—আমরা সবাই বাংলাদেশি, এখানে কোনো দলীয় বিভাজন নেই।
সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবো। ভারতের সকল প্রকার সীমান্ত সহিংসতা ও নির্যাতন রুখে দিতে এনসিপি সোচ্চার থাকবে।’
এর আগে নাসীরুদ্দীন পাটোয়ারী গত বৃহস্পতিবার আমঝোল সীমান্তের খরপো নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের কবরে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির ও রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments