জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখেই তিনি রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ হয়েছিলেন। শুক্রবার (২২ মে) বেগম খালেদা জিয়ার স্মরণে প্রকাশিত ‘দেশনেত্রী’ শীর্ষক একটি স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এ কথা জানান।
স্পিকার তাঁর বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করার পেছনে বেগম জিয়ার বড় ভূমিকা ছিল। নিজের রাজনৈতিক জীবনের শুরুর কথা উল্লেখ করে তিনি বলেন, "আমি মূলত রাজনীতিবিমুখ একজন মানুষ ছিলাম। কিন্তু কেবল বেগম খালেদা জিয়াকে দেখেই আমি রাজনীতিতে পা রেখেছি।"
একজন সাধারণ গৃহবধূ থেকে সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার ক্ষেত্রে বেগম জিয়ার যে অভাবনীয় দক্ষতা, তা তাঁকে রাজনীতিতে আসতে দারুণভাবে অনুপ্রাণিত করেছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রয়াত নেত্রীর ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, "বেগম জিয়া অত্যন্ত স্বল্পভাষী ছিলেন এবং কখনোই কারও সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করতেন না। তিনি যে সত্যিকার অর্থেই এ দেশের সাধারণ মানুষের আপন জন ও প্রিয় নেতা ছিলেন, তা তাঁর মৃত্যুর পর দেশের আপামর জনতার শোক ও ব্যথাতুর প্রতিক্রিয়া দেখে আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি।"
মানবকণ্ঠ/আরআই




Comments