পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তিনি এমন অপকর্ম করেছেন যে, তাকে শুধু ফ্যাসিস্ট নয়, অনেকেই এখন মাফিয়া বলছেন। দেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না।’
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, সম্প্রতি বিদেশে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কয়েকটি মিছিল দেখে মনে হতে পারে দেশে তাদের পক্ষে পরিবেশ তৈরি হচ্ছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। ফেসবুকের সঙ্গে মাঠের বাস্তবতার কোনো মিল নেই। বিচ্ছিন্ন কিছু কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যদি মনে করেন শেখ হাসিনার ফেরার পথ তৈরি হয়েছে, সেটি সম্পূর্ণ ভুল ধারণা।
তিনি বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরেও এমন একটি প্রচারণা চালানো হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। কিন্তু বাস্তবে জনগণের মধ্যে তার জন্য কোনো গ্রহণযোগ্যতা নেই।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গত ১৭ বছরে বহুবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছি। কাশিমপুর কারাগার থেকে আদালতে নিয়মিত যাতায়াত করতে হলেও কখনো মনোবল হারাইনি। আমার প্রজন্মের দায়িত্ব ছিল তরুণদের সাহস জোগানো। সেই বিশ্বাস থেকেই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করেছি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন ও সংঘাত সৃষ্টি হলে সেটিই আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি করবে। সবাইকে সস্তা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। গণতান্ত্রিক শক্তির মধ্যে ঐক্য বজায় রাখতে হবে।’
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, ‘অনেকেই বলে থাকেন জুলাই সনদ বাস্তবায়ন হবে না। কিন্তু জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী , জাকসু নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।
মানবকণ্ঠ/এমআর




Comments